‘৩৬ জুলাই শহীদ মিনারে’ শ্রদ্ধাঞ্জলি, শহীদদের স্মরণে সদর প্রশাসন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে শহরের ঢাকা বাইপাস মোড়ে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ মিনারে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিজ্ঞাপন
সকাল ১০টায় ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য প্রার্থনা করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাদের অবদান নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। তাদের ত্যাগ ও আদর্শ আমাদের দায়িত্বশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। শহীদদের স্মৃতি জাতির হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।








