Logo

জুলাই শহিদদের শ্রদ্ধায় ব্রির দিনব্যাপী আয়োজন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৫ আগস্ট, ২০২৬, ১৫:২৫
জুলাই শহিদদের শ্রদ্ধায় ব্রির দিনব্যাপী আয়োজন
ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এসব কর্মসূচিতে ব্রির কর্মকর্তা-কর্মচারী, বিজ্ঞানী, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

দিনের কর্মসূচির শুরুতে গাজীপুরের শিববাড়ী মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের সদস্য এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানানোর পাশাপাশি তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ গঠনে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাদ জোহর ব্রি কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বি আর আর আই উচ্চ বিদ্যালয় এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিহাস সম্পর্কে সচেতন করে তুলবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলেও তারা মত প্রকাশ করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD