মাগুরায় সাকিবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশবমোড় এলাকার বাড়িতে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ৮টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। এটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন নিশ্চিত করতে তদন্ত চলছে।








