Logo

নেত্রকোণায় লোকালয়ে লজ্জাবতী বানর, গারো পাহাড়ের বনে অবমুক্ত

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১১ আগস্ট, ২০২৬, ১৫:১০
নেত্রকোণায় লোকালয়ে লজ্জাবতী বানর, গারো পাহাড়ের বনে অবমুক্ত
ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে লোকালয়ে ঢুকে পড়া বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করে গারো পাহাড়ের গভীর বনে অবমুক্ত করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে বানরটি উদ্ধারের পর স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা নিরাপদে সেটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেন।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফ প্রতিষ্ঠানের প্রাঙ্গণ থেকে বানরটি উদ্ধার করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, রাতে মাদ্রাসাতুল ইনসাফের চত্বরে শিক্ষক-শিক্ষার্থীরা অচেনা একটি প্রাণী দেখতে পান। পরে তারা কৌশলে প্রাণীটিকে আটক করে খাঁচায় রাখেন। বিষয়টি জানানো হয় সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের স্বেচ্ছাসেবীদের।

খবর পেয়ে সংগঠনটির কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি পর্যবেক্ষণ করেন। পরে সেটি লজ্জাবতী বানর বলে শনাক্ত করা হয়। এরপর বানরটিকে উদ্ধার করে উপজেলার গারো পাহাড়ের গহীন বনে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সেখানে উপযুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে বানরটিকে অবমুক্ত করা হয়। বনাঞ্চলে ফিরে যাওয়ার পর প্রাণীটি স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করে বলে জানান স্বেচ্ছাসেবীরা।

স্থানীয়রা জানান, গারো পাহাড়ের বনাঞ্চলে বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ রয়েছে। লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে সেগুলোকে না ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠনকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ সচেতনরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD