Logo

পুলিশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা হবে: পুলিশ সুপার

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
১১ আগস্ট, ২০২৬, ১৮:৫৬
পুলিশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা হবে: পুলিশ সুপার
ছবি: সংগৃহীত

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেছেন, পুলিশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন পেজ ও নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের মাধ্যমে দেশে-বিদেশে মিথ্যা তথ্য, অপপ্রচার, গুজব ও চরিত্রহননের ঘটনা দিন দিন বাড়ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগে পুলিশের নিচের পর্যায়ের কোনো সদস্যের পোস্টিং বা কর্মকাণ্ড নিয়ে অপপ্রচার করা হতো। এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সম্পর্কেও মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশ সুপার বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যারা পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। ৫ আগস্টের পর বাংলাদেশ পুলিশ আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল পুলিশের প্রতি মানুষের আস্থা নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে সম্প্রতি সাভার মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সাইফুল আলম যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে একটি মহল তার সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অপপ্রচারের কারণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের যে আস্থার সম্পর্ক তৈরি হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

সাভারের সচেতন নাগরিকদের মতে, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো উচিত। অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে আনা সম্ভব।

তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার যেমন কাম্য নয়, তেমনি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটিও উপেক্ষা করা উচিত নয়। আইন যেন নিজস্ব গতিতে চলে এবং কোনো পক্ষের অপপ্রচারে সাধারণ মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেটিই নিশ্চিত করা জরুরি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD