Logo

গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
১৮ আগস্ট, ২০২৬, ১৫:১৬
গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলেন—নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আহত নজরুল ইসলাম শান্তের ভাষ্য অনুযায়ী, তারা কয়েকটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় করে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণের জন্য যাচ্ছিলেন। তাদের সঙ্গে কয়েকজন নারীও ছিলেন।

মৌশাকপুরের গাজীটোলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে তাদের বহনকারী মোটরসাইকেল লক্ষ্য করে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে মোটরসাইকেল থেকে কয়েকজন সড়কে পড়ে যান। গুলিতে তাদের মাথা, হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম শান্ত দাবি করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে তিনি চিনতে পেরেছেন। তার অভিযোগ, হামলার সময় পিচ্চি রিয়াদ তাকে রাজনৈতিক পরিচয় নিয়ে মন্তব্য করার পাশাপাশি পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার হুমকিও দেন।

তবে হামলার পেছনে কী কারণ ছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, হারুন ও রায়হানের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে হামলাকারীরা তাদের প্রতিপক্ষের লোকজন মনে করে ভুলবশত গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া এই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালিয়ে থাকতে পারে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হারুন ও পিচ্চি রিয়াদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। কারা গুলি চালিয়েছে এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি আহতদের চিকিৎসা ও হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD