Logo

লোহাগাড়ায় জাল টাকাসহ স্বামীকে পুলিশের হাতে দিলেন স্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৮ আগস্ট, ২০২৬, ১৫:৫০
লোহাগাড়ায় জাল টাকাসহ স্বামীকে পুলিশের হাতে দিলেন স্ত্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় জাল টাকার ব্যবসায় স্ত্রীকে জড়ানোর চেষ্টা করায় স্বামীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্ত্রী। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নিয়ে ২৭ হাজার টাকার জাল নোটসহ স্বামীকে আটক করান তিনি। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটক শাহ আলম (৩৯) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে। পুলিশ তার কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৫৪টি জাল নোট উদ্ধার করেছে। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ২৭ হাজার টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে শাহ আলম ও তার স্ত্রী জান্নাত আরা বেগমের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের সন্তান আহত হন।

পুলিশের তথ্য অনুযায়ী, বিরোধের একপর্যায়ে জাল টাকার ব্যবসায় স্ত্রীকে যুক্ত করার জন্য চাপ দেওয়ার বিষয়টি সামনে আসে। স্ত্রী এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জান্নাত আরা বেগম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে লোহাগাড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আজিজুল হক লিটনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে পুলিশ পারিবারিক বিরোধের পাশাপাশি জাল নোটের ব্যবসার অভিযোগের বিষয়টি জানতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসআই আজিজুল হক লিটন জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা মারামারিতে জড়িত পরিবারটির বিষয়ে জানতে ঘটনাস্থলে যান। সেখানে শাহ আলমের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত এবং তাকেও ওই অবৈধ ব্যবসায় যুক্ত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তিনি এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পরে স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলমকে একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ওই কক্ষে তল্লাশি চালিয়ে ৫০০ টাকা মূল্যমানের ৫৪টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর মোট মূল্য ২৭ হাজার টাকা বলে জানায় পুলিশ।

এসআই আজিজুল হক লিটন আরও জানান, জাল নোটের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, আটক শাহ আলম জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় জাল নোট সংক্রান্ত দুটি মামলা রয়েছে। তাকে মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় উদ্ধার করা জাল নোটগুলো জব্দ করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD