Logo

অসহায় ভিডিপি সদস্যার মেয়ের বিয়েতে মহাপরিচালকের উপহার

profile picture
জেলা প্রতিনিধি
নীলফামারী
২০ আগস্ট, ২০২৬, ২১:৫৪
অসহায় ভিডিপি সদস্যার মেয়ের বিয়েতে মহাপরিচালকের উপহার
ছবি: সংগৃহীত

নীলফামারীর চড়াইখোলা ইউনিয়নে অসহায় এক ভিডিপি সদস্যার মেয়ের বিয়েতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নতুন দম্পতির জন্য মহাপরিচালকের পক্ষ থেকে ২৫ হাজার টাকা এককালীন শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) এ মানবিক উদ্যোগের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ভিডিপি সদস্যা লুৎফা বেগমের অসহায়ত্বের কথা জানতে পেরে প্রথমে তার পাশে দাঁড়ান স্থানীয় ইউনিয়ন দলনেত্রী ও সাধারণ ভিডিপি সদস্যরা। তাদের উদ্যোগের বিষয়টি বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

বিষয়টি জানতে পেরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। তিনি কনে স্মৃতি আক্তারকে ২৫ হাজার টাকা এককালীন শুভেচ্ছা উপহার দেওয়ার ব্যবস্থা করেন।

মহাপরিচালকের পক্ষ থেকে দেওয়া অর্থ কনের হাতে তুলে দেন নীলফামারীর জেলা কমান্ড্যান্ট।

বিজ্ঞাপন

অপ্রত্যাশিত এই সহায়তা পেয়ে কনে স্মৃতি আক্তার ও তার স্বামী আবেগাপ্লুত হয়ে পড়েন। আনন্দ ও আবেগে কনের চোখে জল এসে যায়। তাদের ভাষ্য, বাহিনীর এই সহযোগিতা নতুন জীবনের শুরুতে তাদের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্মৃতি আক্তার বলেন, অসহায় ও নিঃস্ব একটি পরিবারের প্রতি বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে এমন ভালোবাসা ও সহযোগিতা পাওয়া তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই সহায়তা নতুন জীবন গড়ার পথে তাদের সাহস ও অনুপ্রেরণা জোগাবে।

এ সময় নতুন কনে মহাপরিচালকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা মনে করছেন, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ বাহিনীর সামাজিক দায়বদ্ধতা, পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের একটি মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD