Logo

মহাকালী গার্লস স্কুলে সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২০ আগস্ট, ২০২৬, ১৭:৫১
মহাকালী গার্লস স্কুলে সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: প্রতিনিধি

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাঙ্গনে সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নবগঠিত মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সদস্যদের প্রতিষ্ঠানটিতে আগমন উপলক্ষে সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত এডহক কমিটির সভাপতি ইফরাত জাহান স্যান্ড্রাসহ অন্যান্য সদস্যকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা জানান প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত এবং বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডহক কমিটির সভাপতি ইফরাত জাহান স্যান্ড্রা।

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে ইফরাত জাহান স্যান্ড্রা বলেন, বিগত সরকারের সময়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। বর্তমান সরকার শিক্ষার মান আরও আধুনিকায়ন ও উন্নত করতে কাজ শুরু করেছে। সরকারের এ উদ্যোগ সফল করতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই আজকের এ আয়োজন। প্রযুক্তির বিশ্বায়নের যুগে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। কোনো কারণে একটি গাছ কাটতে হলে তার পরিবর্তে নতুন করে অন্তত দুটি গাছ লাগাতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নারী শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে মেয়েরা এখন অনেক এগিয়ে। ফুটবল, ভলিবল থেকে শুরু করে ক্রিকেটেও নারীদের সাফল্য বাড়ছে। মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজেও নিয়মিত মেয়েদের খেলাধুলার চর্চা হওয়া প্রয়োজন। এ বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জিয়া উদ্দিন শাকিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কায়কোবাদ মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষিকা উম্মে জেসমিন নাহার।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD