Logo

আদমজী ইপিজেডে পোশাক কারখানায় হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
২২ আগস্ট, ২০২৬, ২১:৪১
আদমজী ইপিজেডে পোশাক কারখানায় হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তবে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (২২ আগস্ট) দুপুরের পর ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কারখানার শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুরের পর নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত নারী শ্রমিকরা একে একে অসুস্থ হতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। পরে তাদের ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

হঠাৎ একসঙ্গে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অনেকে ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই কারখানা ছুটি দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কারখানার এক শ্রমিক জানান, দুপুরের পর থেকেই দ্বিতীয় ও তৃতীয় তলায় একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছিলেন। অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়ায় রাত ৯টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের ছুটি দেওয়া হয়।

ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন জানান, প্রথম দিকে সাত থেকে আটজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আরও কয়েকজন অসুস্থতা অনুভব করছেন বলে জানা যায়। তবে অসুস্থতার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আক্রান্ত শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, প্রাথমিকভাবে কয়েকজন শ্রমিকের হিট স্ট্রোকের মতো উপসর্গ দেখা গেছে। প্রায় ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD