উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে বিএনপি নেতার ওপর হামলা

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামে সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ করাকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফকরুল হাসান চুন্নুর ওপর হামলার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে বামরাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজিরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ফকরুল হাসান চুন্নু শনিবার (২২ আগস্ট) উজিরপুর মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর এলাকায় এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ ও আহত বিএনপি নেতার দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১০টার দিকে কাজিরা গ্রামের মৃত মো. দেলোয়ার ফকিরের ছেলে ফকরুল হাসান চুন্নু বড়াকোঠা ইউনিয়নের পূর্ব বড়াকোঠা স্টিল ব্রিজসংলগ্ন সান্টু হাওলাদারের দোকানের সামনে অবস্থান করছিলেন।
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর দেশ পরিচালনা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযোগে বলা হয়, তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে একই এলাকার আঃ মন্নান মোল্লা (৫৫), মো. সাইদুল মোল্লা (৩০), মো. মমিন মোল্লা (২০), মো. এনামুল মোল্লা (৪২), মো. আমিন মোল্লা (৩৫), মো. মেহেদী মোল্লা (৩৫) ও মো. ইউনুচ মোল্লা (৪৫) তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও কটূক্তি করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফকরুল হাসান চুন্নু এর প্রতিবাদ করলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়।
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসা নেন। আহত বিএনপি নেতা ফকরুল হাসান চুন্নুর দাবি, রাজনৈতিক বিভিন্ন বিষয় ও পূর্ববিরোধের জেরে তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করে বলেন, তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে।
এ ঘটনায় ফকরুল হাসান চুন্নু বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে শনিবার উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এদিকে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের অবস্থান জানা সম্ভব হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে কোনো উত্তেজনা বা সংঘাতের সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।








