Logo

সিরাজগঞ্জে ডিআইজি আশিক সাঈদের দুই দিনের বার্ষিক পরিদর্শন

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২৪ আগস্ট, ২০২৬, ১২:৩৩
সিরাজগঞ্জে ডিআইজি আশিক সাঈদের দুই দিনের বার্ষিক পরিদর্শন
ছবি: প্রতিনিধি

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন উপলক্ষে দুই দিনের সফর করেছেন। সফরকালে তিনি জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি কমিউনিটি পুলিশিং সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক পরিদর্শন প্যারেড, বিশেষ কল্যাণ সভা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জে পৌঁছালে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) ডিআইজি মো. আশিক সাঈদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

সফরের প্রথম কর্মসূচিতে ডিআইজি সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় তিনি মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং যোগাযোগ আরও জোরদার করা গেলে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

বিজ্ঞাপন

সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডিআইজি। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও পুলিশ সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। পাশাপাশি পুলিশ সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।

সফরের দ্বিতীয় দিনে পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ডিআইজি মো. আশিক সাঈদ। তিনি প্যারেডের শৃঙ্খলা, প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর তিনি সিরাজগঞ্জ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করেন। সেখানে অফিসের সার্বিক কার্যক্রম, বিভিন্ন নথিপত্র এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন কথা ও সমস্যার কথা শোনেন ডিআইজি। তিনি পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ সময় জেলা পুলিশের ১৬ জন সদস্যকে ক্রেস্ট, সনদ ও অর্থ পুরস্কার দেওয়া হয়। তাদের এই স্বীকৃতি অন্য পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

সভায় জেলার অপরাধ পরিস্থিতির ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে অপরাধের সাম্প্রতিক চিত্র, প্রতিরোধে নেওয়া পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়। ডিআইজি অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ব্যবহার আরও বাড়ানো এবং তথ্যভিত্তিক পুলিশিং কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন।

তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের আরও পেশাদার ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধের আগাম তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন

সফরের শেষ কর্মসূচি হিসেবে ডিআইজি সিরাজগঞ্জ জেলা পুলিশের ডিএসবি (জেলা বিশেষ শাখা) কার্যালয়ের বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি ডিএসবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম, প্রয়োজনীয় নথিপত্র ও দাপ্তরিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।

ডিএসবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে আরও দক্ষতা বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি সংগৃহীত তথ্য যথাযথভাবে কাজে লাগিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রাজশাহী রেঞ্জের ডিআইজির এই সফর ও বার্ষিক পরিদর্শনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা পাওয়া গেছে। অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, জনবান্ধব পুলিশিং এবং পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এসব নির্দেশনা কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD