Logo

অনির্দিষ্টকালের জন্য হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
৩০ আগস্ট, ২০২৬, ১২:৩৭
অনির্দিষ্টকালের জন্য হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। রবিবার (৩০ আগস্ট) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে পণ্যবাহী ট্রাক চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় ভারতের হিলি স্থলবন্দর বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। এ অবস্থার প্রতিবাদে ভারতীয় ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি করা হবে না। একইভাবে বাংলাদেশ থেকেও ভারতে কোনো পণ্য আমদানি করা হবে না।

শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, ভারতীয় ব্যবসায়ীদের কর্মসূচির কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাকের চলাচল এবং আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রমসহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে আমদানি-রপ্তানি বন্ধ হলেও যাত্রী পারাপারে এর কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের বৈধ পাসপোর্টধারী যাত্রীরা আগের মতোই যাতায়াত করতে পারছেন।

হঠাৎ করে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ সময় কার্যক্রম বন্ধ থাকলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দরকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে ভারতীয় ব্যবসায়ীরা কবে নাগাদ তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার চালু থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD