তেঁতুলিয়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে ।সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা সমবেতভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘চল চল চল’, ‘দুর্গম গিরি কান্তার মরু’ এবং ‘একি অপরূপ রূপে মা তোমার’ গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, এলজিইডির উপজেলা প্রকৌশলী মোস্তাহেদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, জিয়া পরিষদ তেঁতুলিয়ার সভাপতি ও ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার, আজিজনগর ব্রাইট স্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম সম্পর্কে আগ্রহ এবং সাংস্কৃতিক চর্চা আরও বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।








