Logo

শেষ কর্মদিবসে কফিনে করে বিদ্যালয়ে ফিরলেন প্রধান শিক্ষক

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৮
শেষ কর্মদিবসে কফিনে করে বিদ্যালয়ে ফিরলেন প্রধান শিক্ষক
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯)। সহকর্মীরা তাকে বিদায় জানানোর জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছিল ক্রেস্টও। কিন্তু সেই বিদায়ী আয়োজনের দিনেই কফিনে করে নিজ কর্মস্থলে ফিরতে হলো তাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান তপন কুমার সাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রধান শিক্ষক তপন কুমার সাহা। তার মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সবাই গভীরভাবে শোকাহত।

তপন কুমার সাহা হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চাঁদপুর শহরে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) দুপুরে প্রধান শিক্ষক তপন কুমার সাহাকে তার কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তার সহকর্মীরা বিদায়ী অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি স্মৃতি হিসেবে দেওয়ার জন্য একটি ক্রেস্টও প্রস্তুত করেছিলেন। কিন্তু এর আগেই ভোরের দিকে আসে তার মৃত্যুর খবর। চাঁদপুর শহরে নিজ বাসভবনে রোববার রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। হাসপাতালে নেওয়ার সুযোগ পাওয়ার আগেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতের সহকর্মী তানজিলা আক্তার বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্যারকে বিদায় ও ক্রেস্ট দেওয়ার জন্য আমরা দুপুরের অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু ভোরে ফোনে জানতে পারি, স্যার রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাবেয়া আক্তার বলেন, ওই শিক্ষকের বিদায়ের অনুষ্ঠানে আমি অতিথি ছিলাম। গতকাল সোমবার তার ওই প্রতিষ্ঠানে শেষ কর্ম দিবস ছিল। এজন্য তার সহকর্মীরা তাকে বিদায় সংবর্ধনায় স্যারকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তাকে চিরবিদায় দিতে হলো। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা সবাই ভারাক্রান্ত।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD