Logo

মাইকিং করে কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফিরিয়ে দিলেন দুই শিক্ষার্থী

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
২৫ অক্টোবর, ২০২৬, ১৯:১২
মাইকিং করে কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফিরিয়ে দিলেন দুই শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা মাইকিং করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন দুই কলেজছাত্র ও বন্ধু আবু রাহাত ও আবু সোহান। তাদের সততা ও মানবিকতায় প্রশংসা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে টাকাগুলো মালিক আজিজুলের হাতে তুলে দেন তারা।

জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পলাশতলী এলাকায় ঘুরতে যাওয়ার পথে বড়চওনা-কালিহাতী সড়কে টাকাগুলো পড়ে থাকতে দেখেন রাহাত ও সোহান। পরে প্রকৃত মালিককে খুঁজে বের করতে উদ্যোগ নেন তারা। এ জন্য স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টাকার মালিকের সন্ধান করা হয়।

অন্যদিকে, টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন আজিজুল। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে চাকরি করেন। টাকা হারানোর পর কালিহাতী ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে খোঁজ শুরু করেন তিনি। পরে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আজিজুলকে টাকার প্রকৃত মালিক হিসেবে শনাক্ত করা হয়। তার বাড়ি কালিহাতী উপজেলার সরিষাআটা গ্রামে।

বিজ্ঞাপন

হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করে আজিজুল বলেন, টাকা হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন এবং ফেরত পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন। টাকা ফিরে পেয়ে তিনি খুবই আনন্দিত। শিক্ষার্থীদের সততায় মুগ্ধ বলেও জানান তিনি।

টাকার প্রতি লোভ না করে প্রকৃত মালিককে খুঁজে বের করে পুরো অর্থ ফিরিয়ে দেওয়ায় দুই বন্ধু রাহাত ও সোহানের প্রশংসা করছেন স্থানীয়রা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD