Logo

নির্মাণের বছরেই ভেঙে পড়ে সেতু, নয় বছরেও হয়নি সংস্কার

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
২৫ অক্টোবর, ২০২৬, ১৮:৩২
নির্মাণের বছরেই ভেঙে পড়ে সেতু, নয় বছরেও হয়নি সংস্কার
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নির্মাণের বছরেই ভেঙে পড়া একটি সেতু নয় বছরেও সংস্কার করা হয়নি। ফলে ভাঙা সেতুর ওপর তৈরি নড়বড়ে বাঁশ-কাঠের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে সেতুটি সরিয়ে মাটি ভরাট করে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা সাব-বাঁধ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৪০ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের বছরেই পানির স্রোতে সেতুটি দেবে গিয়ে ভেঙে পড়ে। এরপর থেকে দীর্ঘ নয় বছরেও এটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে ভাঙা সেতুর ওপর বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো তৈরি করেছেন। প্রতিবছর নিজেদের খরচে সেটি মেরামতও করতে হয় তাঁদের।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নড়বড়ে এই সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে পথচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ীরাও ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, নয় বছর ধরে তাঁরা দুর্ভোগের মধ্যে চলাচল করছেন। এখন তাঁরা নিরাপদে চলাচলের ব্যবস্থা চান। তাঁর মতে, সেখানে নতুন সেতু বা কালভার্ট নির্মাণের প্রয়োজন নেই। পুরোনো সেতুটি সরিয়ে মাটি ভরাট করে সড়ক তৈরি করা হলে স্থানীয় মানুষ বেশি উপকৃত হবেন।

রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, সেতুটির কারণে মানুষের দুর্ভোগ ও ঝুঁকির বিষয়টি তাঁর জানা আছে। তবে সেতু মেরামতের জন্য এখনো সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। ব্যক্তিগত উদ্যোগে বাঁশ-কাঠের সাঁকো নির্মাণে সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান বলেন, সেতুটির অবস্থা সম্পর্কে তিনি অবগত নন। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

দীর্ঘ নয় বছর ধরে ভাঙা সেতুর ওপর অস্থায়ী সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। তাঁদের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করা হোক।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD