খুলনায় ভাড়া নিয়ে বিরোধে বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

খুলনা মহানগরীতে বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিবুলের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বসুপাড়া বকুলতলা শতরুপার মোড়ে বাড়িভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ির মালিক মজলিস খান তার হাতে থাকা লাঠি দিয়ে রকিবুলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা রকিবুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মিরাজ খান জানান, রকিবুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।








