Logo

ফুলেল শুভেচ্ছায় বরণ, ময়মনসিংহ মেডিকেল ঘুরে দেখলেন ডিজি

profile picture
উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪০
ফুলেল শুভেচ্ছায় বরণ, ময়মনসিংহ মেডিকেল ঘুরে দেখলেন ডিজি
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাসেবা, রোগীদের অবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

হাসপাতালে পৌঁছালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তিনি হাসপাতালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল বিপু এবং ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া সহযোগী অধ্যাপক ডা. শফিকুর রহমান, ডা. জাকির হোসেন জিকুসহ হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরিদর্শনের একপর্যায়ে মহাপরিচালক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। বিশেষ গুরুত্ব দিয়ে ডেঙ্গু ও মিজেলস (হাম) ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। সেখানে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাঁদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন।

এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার মান, ওয়ার্ডের পরিবেশ এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধাও পর্যবেক্ষণ করেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। রোগীদের যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের এই পরিদর্শনের মধ্য দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের আশা, এ ধরনের তদারকির মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা আরও কার্যকর চিকিৎসাসেবা পাবেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD