Logo

সরকারি তার চুরির চেষ্টাকালে আনসার সদস্যদের হাতে যুবক আটক

profile picture
জেলা প্রতিনিধি
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৫
সরকারি তার চুরির চেষ্টাকালে আনসার সদস্যদের হাতে যুবক আটক
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে আবদুল আলীম (২৬) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য মো. মাসুম হাসান ও সাবেদ আলী রাতে দায়িত্ব পালন করছিলেন। এ সময় হাসপাতাল ভবনের ভেতরে সন্দেহজনক গতিবিধি দেখতে পান তারা। পরে সেখানে গিয়ে দেখতে পান, এক ব্যক্তি সরকারি বৈদ্যুতিক তার কেটে নেওয়ার চেষ্টা করছেন।

বিষয়টি বুঝতে পেরে আনসার সদস্যরা দ্রুত সেখানে গিয়ে অভিযান চালান। পরে কাটা বৈদ্যুতিক তারসহ আবদুল আলীমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। আটক যুবক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকার বাসিন্দা।

আটকের পর বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে জানানো হয়। পরে কালিয়াকৈর থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আনসার সদস্যরা আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। ঘটনাটি প্রতিরোধে তাদের সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসা পেয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD