Logo

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৪
রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
ছবি: সংগৃহীত

নাটোরে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কয়েকটি দূরপাল্লার বাস আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী থেকে সারাদেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী থেকে বাইরে যেতে চাওয়া যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোরে দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে দেওয়ার ঘটনায় রাজশাহীর পরিবহন মালিকপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এর প্রতিবাদে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সকাল থেকেই রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যের বাস চলাচল বন্ধ রয়েছে।

এই বিরোধের সূত্রপাত কয়েক দিন আগে। গত ৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে পৌঁছানোর পর সেটি আটকে দেওয়ার অভিযোগ ওঠে।

পরিবহন সংশ্লিষ্টদের দাবি, তুহিন পরিবহনের মালিকপক্ষ বাসটি থামিয়ে যাত্রীদের অন্য একটি বাসে তুলে দেয়। পরে রাব্বি পরিবহনের বাসটি নাটোরে রেখে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর পাল্টা পদক্ষেপ হিসেবে রাজশাহীতে তুহিন পরিবহনের কয়েকটি বাস আটকে রাখা হয়। পরবর্তী সময়ে নাটোরে রাব্বি পরিবহনের বাস ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের বাসও ছেড়ে দেওয়া হয়। এতে সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক হলেও দুই পক্ষের বিরোধের স্থায়ী কোনো সমাধান হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর মধ্যেই শনিবার সকালে নাটোরে রাজশিয়া থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে রাখার খবর আসে। এরপর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে পরিবহন মালিকপক্ষের দাবি।

বিজ্ঞাপন

কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন যাত্রীরা

শনিবার সকাল থেকে রাজশাহীর বিভিন্ন বাস কাউন্টারে ঢাকাসহ দেশের বিভিন্ন দূরপাল্লার গন্তব্যের যাত্রীদের উপস্থিতি দেখা গেলেও বাস না পাওয়ায় অনেককেই ফিরে যেতে হয়েছে। আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরাও কাউন্টারে এসে বাস চলাচল বন্ধের বিষয়টি জানতে পারেন। কেউ কেউ টিকিটের টাকা ফেরত নিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

ঢাকাগামী যাত্রী আবদুল কাদের বলেন, আগেই বাসের টিকিট নিয়েছিলাম। কাউন্টারে এসে জানতে পারলাম বাস ছাড়বে না। হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।

বিজ্ঞাপন

আরেক যাত্রী তানভীর আহমেদ বলেন, জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হবে। বাস বন্ধ থাকায় এখন কীভাবে যাব, সেটাই বুঝতে পারছি না। দুই পক্ষের বিরোধ দ্রুত মিটিয়ে বাস চলাচল স্বাভাবিক করা উচিত।

রাজশাহীর এক পরিবহন শ্রমিক রফিকুল ইসলাম বলেন, পরিবহন মালিকদের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, তার প্রভাব সরাসরি শ্রমিকদের ওপর পড়ছে। আমরা চাই আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হোক।

অপর শ্রমিক জাহিদ হোসেন বলেন, এক জেলার বাস অন্য জেলায় আটকে রাখার ঘটনা নিয়ে বারবার সমস্যা তৈরি হচ্ছে। এতে শ্রমিকদের পাশাপাশি যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন।

বিজ্ঞাপন

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন, রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD