আদালত থেকে লাফিয়ে পালানো আসামি আবারও গ্রেপ্তার

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখার সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আব্দুল মোমিন সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে কয়েকজন আসামির সঙ্গে তাকে সেখানে রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
হাজতখানার ভেতরে থাকা অন্য এক আসামির হাতকড়া খোলার সময় সুযোগ নেন মোমিন। এ সময় গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে বেরিয়ে যান তিনি।
এরপর আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দেন মোমিন। এভাবেই তিনি আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার পরপরই পলাতক আসামিকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি ও তথ্য সংগ্রহের পর শনিবার সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখা যৌথ অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে ছাতিয়ানতলি বাজারের পাশের একটি গ্রাম থেকে আব্দুল মোমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।








