Logo

বৃষ্টিতেও মাঠ ছাড়েনি মানুষ, আলমগীর স্যারের বক্তব্যের অপেক্ষা

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০৯
বৃষ্টিতেও মাঠ ছাড়েনি মানুষ, আলমগীর স্যারের বক্তব্যের অপেক্ষা
ছবি: সংগৃহীত

আকাশে ঘন কালো মেঘ, সঙ্গে মেঘের গর্জন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবু ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে উপস্থিত মানুষের অপেক্ষায় কোনো ভাটা পড়েনি। কেউ দাঁড়িয়ে, কেউ বসে বৃষ্টিতে ভিজেই অপেক্ষা করছেন প্রিয় ‘আলমগীর স্যার’-এর বক্তব্য শোনার জন্য।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফরে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে একনজর দেখা এবং তার বক্তব্য শুনতে নাগরিক সংবর্ধনাস্থলে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দুই দিনের সরকারি সফরের অংশ হিসেবে রবিবার বিকেল সাড়ে ৩টায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ নাগরিক সংবর্ধনা কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।

পরে দুপুর ১টা ১৫ মিনিটে জেলা সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। এর ১০ মিনিট পর, ১টা ২৫ মিনিটে পৌর শহরের সেনুয়া কবরস্থানে যান রাষ্ট্রপতি। সেখানে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি।

বিজ্ঞাপন

কবর জিয়ারত শেষে শহরের কালীবাড়ি এলাকায় নিজের বাড়িতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দুপুরের খাবার ও কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেল ৩টার দিকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে বের হন।

এ সময় ঠাকুরগাঁওয়ের আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও মাঠে থাকা মানুষজন সরে যাননি। কেউ ছাতা মাথায় দিয়ে, আবার কেউ কোনো ছাতা ছাড়াই অনুষ্ঠানস্থলে অবস্থান করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অপেক্ষমাণ মানুষের লক্ষ্য একটাই—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সামনে থেকে দেখা এবং তার বক্তব্য শোনা।

ঠাকুরগাঁওয়ের অনেক মানুষের কাছে মির্জা ফখরুল শুধু রাষ্ট্রপতি নন; দীর্ঘদিনের পরিচিতিতে তিনি এখনো তাদের কাছে ‘আলমগীর স্যার’। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ শহরে তার প্রথম সফর হওয়ায় নাগরিক সংবর্ধনাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও আবেগ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানস্থলে তখন বৃষ্টি উপেক্ষা করে চলছিল অপেক্ষা। বিকেল ৫টার দিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD