মদনে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে ছেলের ধারালো বটির কোপে কুন্ডু মিয়া ওরফে এলাহি (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে আলাই মিয়া ওরফে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির রান্নাঘরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে ইয়াসিন ঠিকমতো খাবার খেতেন না। ঘটনার দিন ভোরে ফজরের নামাজ শেষে কুন্ডু মিয়া রান্নাঘরে চা তৈরি করতে যান। এ সময় ইয়াসিনও সেখানে ছিলেন। বাবা ছেলেকে সকালের নাশতা হিসেবে কলা বা অন্য কিছু খাওয়ার পরামর্শ দেন। এসময় হঠাৎ ইয়াসিন ধারালো বটি দিয়ে বাবার ঘাড়ে কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কুন্ডু মিয়া।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে পরিবারের সদস্য ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর কুন্ডু মিয়াকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ইয়াসিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত যুবকের মানসিক অসুস্থতা রয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।








