Logo

হৈচৈ করতে নিষেধ করায় সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪০
হৈচৈ করতে নিষেধ করায় সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় চোংথাম বিক্রম সিং (৫৪) নামে এক মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির কিলোকারি এলাকায় নিজের ভাড়া বাসার সামনেই তাকে হামলার শিকার হতে হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় দিল্লি পুলিশ সাতজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। একই ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রম সিং মণিপুরের পরিচিত গিটারিস্ট এবং পশ্চিমা সংগীতচর্চার অন্যতম অগ্রদূত ছিলেন। প্রায় ১৭ বছর ধরে তিনি পরিবার নিয়ে দিল্লিতে বসবাস করছিলেন। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংগীত শিক্ষক হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রোববার রাত সাড়ে ১১টার দিকে ময়লা ফেলতে বাসার নিচে নামেন বিক্রম। এ সময় পাশের দুটি ধাবার ৮-৯ জন কর্মচারী উচ্চ শব্দে চিৎকার ও হৈচৈ করছিলেন। বিক্রম তাদের এমন আচরণ করতে নিষেধ করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ওই ব্যক্তিরা বিক্রমকে ধাওয়া করেন। আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে নিজের ফ্ল্যাটের দিকে চলে যান। তবে হামলাকারীরা ভবনের করিডোর পর্যন্ত গিয়ে তাকে ঘিরে ধরে লাথি, ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা বিক্রমকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন ধাবার কর্মচারী এবং একজন পিৎজা বিক্রয়কেন্দ্রের কর্মী রয়েছেন বলে জানা গেছে।

এদিকে সংগীতশিল্পী বিক্রম সিংকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব দিল্লির কিলোকারি এলাকায় মোমবাতি মিছিল করেছেন উত্তর-পূর্ব ভারতের শতাধিক মানুষ। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। তারা এ ধরনের সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং বিক্রম সিংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বিক্রম সিং হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে তিনি ঘটনার দ্রুত তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD