ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য

বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বন বিভাগের কার্যালয়ের কাছে নির্ধারিত ময়লার স্তূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, নবজাতক দুটির একজন ছেলে ও অন্যজন মেয়ে।
বিজ্ঞাপন
একই স্থানে দুটি নবজাতকের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কীভাবে মরদেহ দুটি সেখানে এল, তাদের পরিচয় কী এবং মৃত্যুর কারণই বা কী—এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নতুন বাজার এলাকার নির্ধারিত স্থানে জমে থাকা ময়লা পরিষ্কার করছিলেন। এ সময় ময়লার স্তূপের মধ্যে দুটি পাত্র দেখতে পান পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে তিনি পাত্র দুটির ভেতরে দুই নবজাতকের মরদেহ দেখতে পান।
পরে জাকির হোসেন বিষয়টি সহকর্মী ও আশপাশের লোকজনকে জানান। স্থানীয়রা ঘটনাটি পুলিশকে অবহিত করলে কোতোয়ালি মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে নবজাতক দুটির মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, রাতে ময়লা পরিষ্কার করার সময় প্রথমে দুটি পাত্র তার নজরে আসে। কাছে গিয়ে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান তিনি। বিষয়টি বুঝতে পেরে দ্রুত আশপাশের লোকজনকে জানান।
বিজ্ঞাপন
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নতুন বাজার ও আশপাশের এলাকায় একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো চিকিৎসাপ্রতিষ্ঠানের বর্জ্যের সঙ্গে মরদেহ দুটি সেখানে এসে থাকতে পারে। তবে এ ধারণার পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং কোনো চিকিৎসাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টতাও নিশ্চিত হয়নি।
পুলিশ জানিয়েছে, নবজাতক দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি তাদের জন্ম কোথায় হয়েছিল, কীভাবে মৃত্যু হয়েছে এবং কারা মরদেহ দুটি ময়লার স্তূপে ফেলে গেছে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা তদন্তে বেরিয়ে এলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এদিকে, একই স্থানে দুই নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে শিশু দুটির পরিচয়, মৃত্যুর কারণ এবং মরদেহ ময়লার স্তূপে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।








