Logo

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময়

profile picture
উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:১১
কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময়
ছবি: প্রতিনিধি

শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদান আরও কার্যকর করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার।

সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৩৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ১৪৩ জন এবং মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৯৫ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা, প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে শিক্ষকদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে তাদের পেশাগত দায়িত্ব আরও কার্যকরভাবে পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষিকারাও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ আরও উন্নত করতে বিভিন্ন বিষয় তুলে ধরেন। সংশ্লিষ্টরা মনে করেন, প্রশাসন ও শিক্ষকদের মধ্যে এ ধরনের মতবিনিময় নিয়মিত হলে স্থানীয় পর্যায়ে শিক্ষার গুণগত মান আরও উন্নত করার সুযোগ তৈরি হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD