Logo

বাকেরগঞ্জে জুয়ার আসরে বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার ভিডিও ভাইরাল

profile picture
উপজেলা প্রতিনিধি
বাকেরগঞ্জ, বরিশাল
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩৮
বাকেরগঞ্জে জুয়ার আসরে বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে কথিত জুয়ার আসরে বিএনপির এক নেতা ও পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। ভাইরাল ভিডিওতে কয়েকজনকে তাস খেলতে দেখা যায়। তাদের সামনে বাকেরগঞ্জের সংসদ সদস্য আবুল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম লেখা একটি ব্যানারের ওপর টাকা রাখা রয়েছে। ব্যানারের ওপর বসে তিন ব্যক্তিকে তাস খেলতে দেখা যায়।

ভিডিওতে বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ইফতেখার উদ্দিনকে জুয়ায় জেতা টাকা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। একই ভিডিওতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহিকেও দেখা গেছে বলে স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, পৌরসভার পাশের একটি স্থানে ওবায়দুল ইসলাম মাহির নিয়ন্ত্রণে কথিত একটি গোপন আস্তানায় দীর্ঘদিন ধরে রাতে জুয়ার আসর বসে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এদিকে ভাইরাল ভিডিওতে পৌরসভার একজন কর্মকর্তার উপস্থিতির বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। ভিডিওটি ঠিক কখন ও কোথায় ধারণ করা হয়েছে এবং এতে থাকা ব্যক্তিদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ইফতেখার উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহি বলেন, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি জুয়া খেলার সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন। তবে ভাইরাল ভিডিওতে তার উপস্থিতির বিষয়ে বিস্তারিত মন্তব্য করার আগেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিজ্ঞাপন

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, বিএনপি নেতার জুয়ার আসরের কথিত ভাইরাল ভিডিওটি তিনি এখনো দেখেননি। তবে এলাকায় জুয়া বন্ধে পুলিশের মনিটরিং রয়েছে।

ভাইরাল ভিডিওটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে ভিডিওটির সত্যতা, ধারণের সময় ও স্থান এবং এতে থাকা ব্যক্তিদের প্রকৃত ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD