Logo

বাঘা সীমান্ত থেকে ৫ বাংলাদেশীকে ধরে নিয়ে গেল বিএসএফ

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঘা, রাজশাহী
১১ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫৪
বাঘা সীমান্ত থেকে ৫ বাংলাদেশীকে ধরে নিয়ে গেল বিএসএফ
পাট কিনে ফেরার পথে বিএসএফের হাতে পাঁচ বাংলাদেশি

রাজশাহীর বাঘা উপজেলার বাংলাবাজার সীমান্ত এলাকা থেকে পাট কিনে নৌকায় ফেরার পথে ভুল করে ভারতের সীমানায় ঢুকে পড়েছেন পাঁচ বাংলাদেশি। এ সময় পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

আটক পাঁচজনের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি-মাল্লা। তাদের মধ্যে একজন কলেজছাত্রও রয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাঘা উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকায় বাংলাদেশের দিকে ফিরছিলেন তারা। নদীতে স্রোতের বিপরীতে নৌকা চালানোর সময় মাঝি-মাল্লারা ভুল করে নৌকাটি ভারতের সীমান্তে নিয়ে যান। পরে পাটবোঝাই নৌকাসহ পাঁচজনকে আটক করে বিএসএফ।

আটক ব্যক্তিরা হলেন—পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার কলেজপড়ুয়া ছেলে মোশাররফ হোসেন (২২), ইউনুস মন্ডলের ছেলে শাহাবুল আলী (৪২), শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫), একই এলাকার নৌকার মাঝি জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) এবং সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে বাংলাদেশ সীমান্তের আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, "তারা আমাদের আয়ত্তে নেই। উপর মহলে যোগাযোগ করতে হবে।"

এদিকে পরিবারের সদস্যরা বিষয়টি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে জানান। পরিবারের দাবি, এমপি বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন বলে তাদের জানিয়েছেন। তবে পাঁচ দিন পার হলেও আটক ব্যক্তিদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আটক ব্যক্তিদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

বিজ্ঞাপন

নৌকার মাঝি আসাদুল ইসলামের মেয়ে বৈশাখী বলেন, "আপনারা আমার বাবাকে এনে দেন। বাবা ছাড়া আমাদের সংসার চালানোর দ্বিতীয় কোন মানুষ নেই। এই কয়দিন আত্মীয় স্বজনের কাছে ধার নিয়ে সংসার চলছে। এভাবে কতদিন চলবো।"

কলেজছাত্র মোশাররফের বাবা গোলাম মোস্তফা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "অভাবের সংসারে লেখাপড়ার ফাঁকে ফাঁকে ব্যবসা করে। এবার পার্টনারে দুইজনের সাথে পাট কেনা-বেচা করছিল।"

বাবর আলীর স্ত্রী হেলেনা বলেন, "কোথায় কেমন আছে জানতে পারলে তা-ও শান্তি পেতাম।"

বিজ্ঞাপন

আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তারা জানতে পেরেছেন, ভুল করে ভারতের সীমান্তে ঢুকে পড়ায় পাটবোঝাই নৌকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, "এখনো পর্যন্ত আমার ভাইসহ পাচ জন কোথায় আছে আমরা জানতে পারি নি।আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ করছি আমার ভাইকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেন।"

স্থানীয়দের ভাষ্য, আটক পাঁচজনই এলাকার পরিচিত পাট ব্যবসায়ী ও নৌকার মাঝি। তাদের বিরুদ্ধে চোরাচালানের কোনো অভিযোগ নেই বলেও জানান তারা।

আটক স্বজনদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা। পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, "এরা গরিব মানুষ। ভুল করে সীমান্তে চলে গেছে। দ্রুত ফেরত আনার ব্যবস্থা করা হোক।"

বিজ্ঞাপন

আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান প্রথমে এ বিষয়ে কথা বলতে রাজি না হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ নম্বর ব্যাটালিয়ন রাজশাহীর মিডিয়া সেলে যোগাযোগ করতে বলেন। পরে তিনি জানান, ওপারের বিএসএফের সদর খাস মহলের সঙ্গে "পতাকা বৈঠক হয়েছে, কিন্তু ফেরত না দিলে আমরা কি করবো।"

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা ভুল করে ভারতের প্রায় আড়াই কিলোমিটার ভেতরে চলে গিয়েছিলেন। মুঠোফোনে বিজিবির মিডিয়া সেলে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, "পরিবারের পক্ষ থেকে জানানো হয় নি। তবে বিষয়টি জেনেছি। বিজিবির সাথে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করবো।"

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD