সিরাজগঞ্জে মিছিলের ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ-ছাত্রলীগের তিন নেতা আটক

সিরাজগঞ্জে মহাসড়কে ঝটিকা মিছিল করার অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ জেলা শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহান শেখ সুজন (২৫), শহর ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন শুভ (১৯) এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক মো. হেদায়েত ইসলাম (৬২)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সোহান শেখ সুজন সিরাজগঞ্জ সদর থানার ভাঙ্গাবাড়ী গ্রামের মো. লিটন শেখের ছেলে। সাজ্জাদ হোসেন শুভ সরদার পাড়া এলাকার মো. আলমগীর হোসেন ও মোছা. সাথী খাতুনের ছেলে। অপর গ্রেপ্তার হেদায়েত ইসলাম কালিবাড়ী এলাকার মো. শেখ মামুনের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, গত বৃহস্পতিবার ভোরে মহাসড়কে স্বেচ্ছাসেবকলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। রোববার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা তিনজনই ওই মিছিলে অংশ নিয়েছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








