Logo

পুলিশকে পাথর ছুড়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০২
পুলিশকে পাথর ছুড়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পাঁচ মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি এলাকা থেকে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রাহুলের বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের পর রাহুলকে থানায় নিয়ে যাওয়ার সময় টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। এতে কনস্টেবল মাসুদ আহত হন।

একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার পর ছিনিয়ে নেওয়া আসামিকে উদ্ধারে রাতেই টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাহুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার সময় মাদক কারবারিরা রেললাইন থেকে পাথর কুড়িয়ে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ছুড়তে থাকে। এতে কনস্টেবল মাসুদ আহত হন। একপর্যায়ে হামলাকারীরা ওই সুযোগে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, ছিনিয়ে নেওয়া আসামিকে উদ্ধার এবং পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD