ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা, ঝালকাঠিতে যুবক আটক

ঝালকাঠি স্টেডিয়াম মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
ঘটনায় মো. সোহান হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। একই সঙ্গে আটক যুবককে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল তদবির করছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শহরের স্টেশন রোডে আনোয়ার হোসেনের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান শাহজাহান ব্রাদার্সে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
হামলায় আনোয়ার হোসেন (৬৫) গুরুতর আহত হন। তাঁর চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে একজন যুবককে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝালকাঠি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে থানায় নিয়ে যায়। আটক সোহান হোসেন শহরের ফকিরবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সোমবার বিকেলে স্টেডিয়াম মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় কয়েকজন নারী খেলোয়াড়কে শহরের কিছু যুবক উত্ত্যক্ত করছিল। এ সময় ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে মাঠে থাকা আনোয়ার হোসেন তাদের বাধা দেন। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে ওই যুবকদের বাকবিতণ্ডা হয়।
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে ওই যুবকেরা দলবদ্ধ হয়ে স্টেশন রোডের শাহজাহান ব্রাদার্সে প্রবেশ করে আনোয়ার হোসেনের ওপর হামলা চালায়। ধস্তাধস্তি ও চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এদিকে আটক সোহান হোসেনকে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল পুলিশের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা। তাদের দাবি, হামলায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি রাজনৈতিক প্রভাবের কারণে যাতে ঘটনাটি ধামাচাপা না পড়ে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ঝালকাঠি সদর থানার তদন্ত কর্মকর্তা মেহেদী জানান, হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক সোহান হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।








