দীর্ঘ বিরতির পর ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে সিজারিয়ান সেকশন কার্যক্রম। পুনরায় চালু হওয়া এই সেবার মাধ্যমে এক গর্ভবতী মায়ের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। পরে নবজাতককে মায়ের কোলে তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওই মায়ের আগে দুটি কন্যাসন্তান রয়েছে। এবার পুত্রসন্তানের জন্ম হওয়ায় পরিবারে আনন্দের আবহ তৈরি হয়েছে।
অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেন গাইনোকলজিস্ট ডা. সালিমা মেহের। সিজারিয়ান অপারেশনে এনেস্থেশিয়া চিকিৎসক ডা. জহির, আরএমও ডা. মৃন্ময় কুমার পাল, শিশু বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার দেওয়ান, ডা. ওয়াহিদা শ্রাবন্তীসহ চিকিৎসক ও নার্সদের একটি দক্ষ দল অংশ নেয়।
বিজ্ঞাপন
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর সিজারিয়ান সেকশন কার্যক্রম পুনরায় চালু হওয়ায় স্থানীয় গর্ভবতী মায়েদের প্রসূতি চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে। এতে সিজারের জন্য দূরের হাসপাতালে যাওয়ার প্রয়োজনও কমবে বলে আশা করা হচ্ছে।
ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতি সম্পন্ন করে অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এখন থেকে নিয়মিত সিজারিয়ান সেকশন পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের রোববার, সোমবার ও বৃহস্পতিবার এ সেবা কার্যক্রম চলবে।








