Logo

শাল্লায় এমপি-পত্নীর মধ্যস্থতায় দীর্ঘদিনের কোন্দলের অবসান

profile picture
উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫৬
শাল্লায় এমপি-পত্নীর মধ্যস্থতায় দীর্ঘদিনের কোন্দলের অবসান
ছবি প্রতিনিধি।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের দুই পক্ষের দীর্ঘদিনের কোন্দল ও বিরোধের অবসান হয়েছে। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্যের সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরীর মধ্যস্থতায় বিরোধে জড়িত উভয় পক্ষ অতীতের দ্বন্দ্ব ভুলে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাসে সম্মত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শাল্লা উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে আয়োজিত সালিশ বৈঠকে এ বিরোধের মীমাংসা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীহাইল গ্রামের জুবায়ের আহমেদ ডালিম ও আফজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে উভয় পক্ষ পারভীন আক্তার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং দুই পক্ষের মুরুব্বিদের নিয়ে সমঝোতা বৈঠকের উদ্যোগ নেন।

সালিশ বৈঠকে দুই পক্ষের বক্তব্য ও বিভিন্ন যুক্তি মনোযোগ দিয়ে শোনেন পারভীন আক্তার চৌধুরী। পরে তিনি পারস্পরিক ভুল বোঝাবুঝি ও অতীতের দ্বন্দ্ব ভুলে সবাইকে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাসের আহ্বান জানান।

বিজ্ঞাপন

তার উদ্যোগ ও মধ্যস্থতায় শেষ পর্যন্ত উভয় পক্ষ আপস-মীমাংসায় সম্মত হয়। পরে দুই পক্ষের লোকজন একে অপরকে কোলাকুলি করে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটান।

বৈঠকে স্থানীয় মুরুব্বি ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, ভবিষ্যতে ছোট কোনো ঘটনাকে কেন্দ্র করে যাতে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য উভয় পক্ষ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে।

তারা বলেন, পারভীন আক্তার চৌধুরীর মধ্যস্থতায় বিরোধের মীমাংসার ফলে এলাকায় শান্তি, সম্প্রীতি ও সামাজিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে বলে তারা আশা করছেন।

বিজ্ঞাপন

বিরোধের মীমাংসা শেষে পারভীন আক্তার চৌধুরী বলেন, ‘আমাদের এলাকাকে শান্ত ও বাসযোগ্য রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ছোটখাটো কোন্দল ও বিরোধ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

সালিশ বৈঠকে বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, আব্দুল করিম মাস্টার, নিত্যানন্দ দাস নিতাই, সাংবাদিক রুদ্র মিজান, আবু হানিফ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান, কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD