Logo

রুহিয়ায় ভাঙা কালভার্টে ঝুঁকিপূর্ণ চলাচল, ১০ মাসেও সংস্কার নেই

profile picture
উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৭
রুহিয়ায় ভাঙা কালভার্টে ঝুঁকিপূর্ণ চলাচল, ১০ মাসেও সংস্কার নেই
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঢোলারহাট-বেরিস্টার বাজার সড়কের মাধবপুর এলাকায় একটি ভাঙা কালভার্ট দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয়রা। প্রায় ১০ মাস আগে কালভার্টটি ক্ষতিগ্রস্ত হলেও এখনো পুনর্নির্মাণের কাজ শুরু হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কালভার্টের মাঝখানে বড় গর্ত ও ফাটল তৈরি হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতে এবং সড়কটি সম্পর্কে অপরিচিত চালকদের জন্য ঝুঁকি আরও বেড়ে যায়।

দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা কালভার্টের ভাঙা অংশে গাছের ডালপালা ও বিভিন্ন ধরনের প্রতীকী সতর্কসংকেত ব্যবহার করেছেন। তবে এসব ব্যবস্থা স্থায়ী সমাধান নয় বলে জানিয়েছেন পথচারীরা।

এলাকাবাসীর অভিযোগ, কালভার্টটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও দীর্ঘদিন ধরে দৃশ্যমান কোনো কাজ হয়নি। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পথচারীরা জনদুর্ভোগ কমাতে এবং দুর্ঘটনা এড়াতে দ্রুত কালভার্টটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এলজিইডির রুহিয়া উপজেলা প্রকৌশলী মো. মাবুদ হাসান বলেন, এই কালভার্টের ইতিমধ্যে টেন্ডার হয়েছে। আশা করি দ্রুত কালভার্টটি পুনর্নির্মাণের কাজ শুরু হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD