চুনারুঘাটে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ দুজন আটক

হবিগঞ্জের চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চান্দপুর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন চান্দপুর চা-বাগান এলাকার মৃত নেংরু কর্মকারের ছেলে বিষু কর্মকার (৪২) এবং একই এলাকার মৃত বুদ্ধেশ্বর সাঁওতালের ছেলে নিপেশ সাঁওতাল (২২)।
অভিযান পরিচালনাকারী দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় এসআরবি-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চান্দপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বিষু কর্মকার ও নিপেশ সাঁওতালকে ঘেরাও করে তাদের কাছে থাকা পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটক দুজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়। উদ্ধার করা গাঁজাসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।








