চুরি হওয়া গরু মিলল বিএনপির নেতার গোয়ালে, দল থেকে শোকজ

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হয়ে যাওয়া একটি গরু বিএনপির এক স্থানীয় নেতার গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। পুলিশও ঘটনাটি তদন্ত করছে।
বিজ্ঞাপন
ওই নেতার নাম দেলোয়ার হোসেন দেলু। তিনি উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাঁকে তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর রাতে ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির হতি বেগমের দুটি গরু চুরি হয়। পরদিন তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর স্বজন ও স্থানীয় বাসিন্দারা গরু দুটির সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর মধ্যে ১৫ সেপ্টেম্বর সকালে স্থানীয় কয়েকজন দেলোয়ার হোসেনের গোয়ালঘরে চুরি হওয়া একটি গরু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে তাঁর বাড়ির সামনে লোকজন জড়ো হন। পরে রামগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। অন্য গরুটিও পরে চাটখিল থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তবে গরুটি কীভাবে দেলোয়ার হোসেনের গোয়ালঘরে গেল এবং এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা আছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। পুলিশ এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে।
দেলোয়ার হোসেন অবশ্য চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, গভীর রাতে দুজন ব্যক্তি গরুটি তাঁর গোয়ালে রেখে যান। পরে তাঁকে গরুটি বিক্রির কথা বলা হয়। তিনি এ বিষয়ে দলের শোকজ নোটিশ পেয়েছেন এবং এর জবাব দেবেন বলে জানিয়েছেন।
বিজ্ঞাপন
ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, ঘটনাটি দুঃখজনক। দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তাঁর জবাব পাওয়ার পর দলীয়ভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরি হওয়া দুটি গরুর একটি দেলোয়ার হোসেনের বাড়ি থেকে এবং অন্যটি চাটখিল থেকে উদ্ধার হয়েছে। গরুটি কীভাবে ওই গোয়ালে গেল এবং ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।








