Logo

আশুগঞ্জে রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলার অভিযোগ

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩২
আশুগঞ্জে রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হামলায় আহত দুজন হলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে আগামী ১৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রুমিন ফারহানার উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিলনায়তন বরাদ্দসহ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলতে উপজেলা পরিষদে যান আতাউর রহমান ও রাসেল বিপ্লব। ইউএনওর কক্ষে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে দেখতে পেয়ে তাঁরা আর কক্ষে প্রবেশ করেননি।

পরে নিচে নামার পর তাঁদের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তাঁরা। পরে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বিজ্ঞাপন

রাসেল বিপ্লবের অভিযোগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। রুমিন ফারহানা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই স্থানীয় বিএনপির একটি অংশ তাঁদের বিরোধিতা করছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তাঁর দাবি, মাদকসংক্রান্ত একটি বিষয় নিয়ে বিএনপির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে আতাউর ও রাসেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে তিনি পরিস্থিতি থামানোর চেষ্টা করেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রুমিন ফারহানা সংসদ সদস্য হিসেবে চাইলে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে বলেও জানান তিনি।

এর আগে সংসদে বিএনপি নিয়ে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে ১২ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে তাঁকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণার কথা জানিয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD