Logo

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, ঝাড়ু মিছিল

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪০
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, ঝাড়ু মিছিল
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ঝাড়ু হাতে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মিছিলকারীরা আবার দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরীসহ অন্য নেতারা।

সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার পরিবারের ইতিহাস নিয়ে নানা অভিযোগ করেন। তিনি বলেন, তার পরিবারের ইতিহাস ‘দালালি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস’। রুমিন ফারহানার বাবা নির্বাচনে অংশ নিয়ে জামানত হারিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। এ সময় তিনি রুমিনকে ‘আওয়ামী লীগের প্রোডাক্ট’ এবং ‘র-এর দালাল’ বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারের ছয় মাস না যেতেই গ্যাস-বিদ্যুৎ সংকটের অজুহাতে সংসদে অসংসদীয় ভাষায় বক্তব্য দিয়ে রুমিন ফারহানা মূলত ভারত ও আওয়ামী লীগের স্বার্থে কাজ করছেন। তার বক্তব্য বিএনপি নেতাকর্মীরা প্রত্যাখ্যান করছেন বলেও জানান তিনি। একই সঙ্গে আশুগঞ্জের মাটিতে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেন উপজেলা বিএনপির এই নেতা।

এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজ্ঞাপন

সংসদে তিনি বলেন, প্রত্যেক সরকারেরই একটি নির্দিষ্ট চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় এলে গ্যাস ও বিদ্যুৎ সংকট থাকবে না—এমনটা হতে পারে না। একইভাবে সার সংকট হবে না বা দরিদ্র কৃষক সার লুট করবেন না—এমনটিও সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না—এটিও সম্ভব নয়। পাশাপাশি বাংলাদেশ ঋণখেলাপির ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে যাবে না—এমনটিও হতে পারে না বলে সংসদে মন্তব্য করেন তিনি।

তার ওই বক্তব্যের প্রতিবাদেই আশুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD