‘লেডি মীর জাফর’ বলায় ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিন ফারহানার নালিশ

‘লেডি মীর জাফর’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টের কাছে নালিশ করেছেন স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি তুলে ধরেন তিনি।
এদিন ওই বেঞ্চের কার্যতালিকায় থাকা ৩৬ নম্বর মামলার আইনজীবী ছিলেন রুমিন ফারহানা। মামলাটিতে রাষ্ট্রপক্ষে দায়িত্বে ছিলেন ডিএজি নজরুল ইসলাম ছোটন। মামলাটি শুনানির জন্য ডাকা হলে রুমিন ফারহানা ডায়াসের সামনে গিয়ে ডিএজির ফেসবুক পোস্টটি আদালতের নজরে আনেন।
রুমিন ফারহানা আদালতকে বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটন তার প্রতি ক্ষোভ থেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাই তার কোনো মামলায় যেন তিনি রাষ্ট্রপক্ষে শুনানি না করেন, সে আবেদন জানান রুমিন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ডিএজি শুনানি করলে ব্যক্তিগত ক্ষোভের কারণে তার বিপক্ষে বক্তব্য দিতে পারেন। এতে তার মক্কেল ক্ষতিগ্রস্ত হতে পারেন বলেও আদালতের কাছে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর আদালত ডিএজি নজরুল ইসলাম ছোটনের পরিবর্তে ওই আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেনকে মামলাটিতে রাষ্ট্রপক্ষে শুনানি করতে বলেন।
বিজ্ঞাপন
শুনানিতে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেন বলেন, মামলার আসামি একজন অভ্যাসগত অপরাধী। এর আগে তার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত ১১টি মামলা রয়েছে বলেও আদালতকে জানান তিনি। পরে মামলাটির শুনানি অবকাশের পর অনুষ্ঠিত হবে বলে আদেশ দেন হাইকোর্ট।
এদিকে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে লিখিত অভিযোগও দিয়েছেন রুমিন ফারহানা।
অ্যাটর্নি জেনারেল বরাবর দেওয়া অভিযোগে রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত ১১ সেপ্টেম্বর তাকে উদ্দেশ করে আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস দিয়েছেন।
বিজ্ঞাপন
অভিযোগে ওই পোস্টের বক্তব্য তুলে ধরে তিনি লিখেছেন, ‘লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুতই ভুলে যাচ্ছেন।’
রুমিন ফারহানা অভিযোগ করেন, দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, অশোভন ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ তার জন্য অপমানজনক। একই সঙ্গে এমন আচরণ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বকেও ক্ষতিগ্রস্ত করে বলে দাবি করেন তিনি।
অভিযোগে তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, কোনো রাজনৈতিক দলের নয়। রাষ্ট্রপক্ষের একজন ডিএজির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।








