Logo

চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে দুজনকে ধরে পুলিশে দিল জনতা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪২
চট্টগ্রামে ছেলেধরা সন্দেহে দুজনকে ধরে পুলিশে দিল জনতা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় এক শিশুকে রিকশায় তুলে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটক দুজন হলেন কচুয়াই ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে মো. ফারুক (৪২) এবং কুতুপালং এলাকার জামাল হোসেনের মেয়ে শাহাজাহান বেগম (৪০)। শাহাজাহান বেগম পটিয়া উপজেলার বাদামতল এলাকায় ভাড়া বাসায় থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, কাগজীপাড়া এলাকার আশরাফ আলী অ্যাকাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা ইকরা (৯) বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় এক রিকশাচালক ও এক নারী তাকে বাড়ির সামনে পৌঁছে দেওয়ার কথা বলে রিকশায় তোলেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে বাড়ির সামনে না থামিয়ে রিকশাটি অন্যদিকে নিয়ে যাওয়ার সময় শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রিকশাটিকে থামানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে রিকশাসহ ওই দুজনকে আটক করেন।

শিশুটির বাবা প্রবাসী শাহনেওয়াজ মামুন বলেন, বাড়ির সামনে দিয়ে মেয়েকে নিয়ে যাওয়ার সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে সবার সহযোগিতায় দুজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ মামুন বলেন, শিশুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে মিলে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রশাসনের যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগে দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের তদন্তে শিশুটিকে রিকশায় তোলার প্রকৃত কারণ এবং তাকে অন্যত্র নেওয়ার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD