অপ্রতিম হত্যাকাণ্ড: আটকের আগে আবেগঘন পোস্ট দিয়েছিলেন আনাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় আটক হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে আবেগঘন পোস্ট দিয়েছিলেন শাহরিয়া আনাস (১৭)। ওই পোস্টে অপ্রতিমের সঙ্গে তার পরিচয় এবং বিভিন্ন সময়ের কথোপকথনের স্মৃতিও তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
অপ্রতিমের মৃত্যুর খবরসংবলিত একটি ছবির কার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন আনাস। সেখানে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাদের কাছে দামী জিনিস, তার জীবনের জন্য হুমকিস্বরূপ। আল্লাহ তার মা, বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।’
নিজের ওই পোস্টে অপ্রতিমের সঙ্গে বিভিন্ন সময়ের কথোপকথনের স্মৃতিচারণও করেন শাহরিয়া আনাস। তিনি লেখেন, ‘মাঝেমধ্যে ছেলেটা আমাকে মেসেজ দিয়ে বলত, ভাই কই আছো, ছবি তুলব কয়েকটা। আসলে এগুলো ভেবে এখন খারাপই লাগতেছে।’
এই পোস্ট দেওয়ার পরই শাহরিয়া আনাসকে কুমিল্লার বেলতলি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে বলে জানা গেছে।
বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরদিন শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, অপ্রতিম হত্যার ঘটনায় শাহরিয়া আনাসসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল, কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।
বিজ্ঞাপন








