Logo

ময়লার ভাগাড়ে মিলল জাল টাকার বস্তা, আসল ভেবে হুলস্থুল কাণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৩
ময়লার ভাগাড়ে মিলল জাল টাকার বস্তা, আসল ভেবে হুলস্থুল কাণ্ড
ছবি: সংগৃহীত

বগুড়া মহানগরের চারমাথা গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড় থেকে জাল টাকার বস্তা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পড়ে থাকা নোটগুলো আসল টাকা মনে করে অনেকে কুড়িয়ে বাড়িতে নিয়ে গেলেও পরে নোটে ‘অনলি ফর শুটিং’ লেখা দেখতে পেয়ে সেগুলো আবার ফেলে দেন।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কসংলগ্ন গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা জাল নোট সংগ্রহ করে।

স্থানীয়দের ভাষ্য, সকালে ময়লার ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। বস্তার ভেতরে ৫০০ ও ১ হাজার টাকার নোটের বান্ডিল দেখতে পেয়ে অনেকে সেগুলো আসল টাকা মনে করে কুড়িয়ে নেন।

পরে নোটগুলো ভালোভাবে পরীক্ষা করার পর সেখানে ছোট অক্ষরে ‘অনলি ফর শুটিং’ লেখা দেখতে পান স্থানীয়রা। তখন এগুলো আসল টাকা নয়, শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য তৈরি জাল নোট—বিষয়টি বুঝতে পারেন তারা। এরপর অনেকে কুড়িয়ে নেওয়া নোট আবার ফেলে দেন।

বিজ্ঞাপন

স্থানীয় কয়েকজনের দাবি, সেখানে একাধিক বস্তা জাল টাকা ছিল। তাদের ভাষ্য অনুযায়ী, অনেকেই বান্ডিল ধরে নোট নিয়ে গেছেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে এক হাজার টাকার জাল নোটের একটি বান্ডিল জব্দ করেছে। এসব নোটের পেছনে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে।

তিনি আরও বলেন, জাল নোটগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেগুলো ময়লার ভাগাড়ে ফেলে গেছে, তা শনাক্তে তদন্ত চলছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD