Logo

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত ১৩ বছরের শিশু অপ্রতিম

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২২
সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত ১৩ বছরের শিশু অপ্রতিম
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কেএম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দাফন করা হয়েছে। ১৩ বছরের এই শিশুকে রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি গন্ধমতির বাসার পাশের কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় গন্ধমতিতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বজন ও স্থানীয়রা অংশ নেন।

অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কোটবাড়ি গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে ওই দিনই তার বাবা কেএম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিজ্ঞাপন

অপ্রতিম নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালায়। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

শনিবার রাতে ময়নাতদন্ত শেষে অপ্রতিমের মরদেহ কোটবাড়ি গন্ধমতির নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো দেখতে স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা ভিড় করেন। অপ্রতিমের মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের আবহ।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ অপ্রতিমের মা ড. নাহিদা বেগম। সন্তানকে ফিরে পাওয়ার আশায় পরিবারের যে অপেক্ষা ছিল, তা শেষ হয়েছে নিথর মরদেহ ফিরে আসার মধ্য দিয়ে। শেষ পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও গন্ধমতির মাটিতে অশ্রুসিক্ত বিদায় জানানো হলো ১৩ বছরের অপ্রতিমকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD