Logo

হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা, গ্রেফতার ১

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৭
হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা, গ্রেফতার ১
ছবি প্রতিনিধি।

টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলার ঘটনার ঘটেছে। এতে টোল আদায়ের তিন কর্মচারী আহত হয়েছেন। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় হৃদয় খান ওরফে সেকেন্দার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গ্রেফতার হৃদয় উপজেলার সৈয়দপুর গ্রামের কাবেল মিয়ার ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক হাটুভাঙ্গা সেতু পার হওয়ার সময় চালক টোল পরিশোধের জন্য এক হাজার টাকার নোট দেন। এর বিপরীতে ভাংতি টাকা দিতে কিছুটা দেরি হওয়ায় চালক ক্ষিপ্ত হয়ে ট্রাকটি সড়কের ওপর দাঁড় করিয়ে যান চলাচল বন্ধ করে দেন। টোলকর্মীরা ট্রাকটি সরিয়ে নিতে বললে চালক ও হেলপারের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে টোলকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে ওই চালক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে এনে টোলপ্লাজার কর্মচারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় হামলা ঠেকাতে এগিয়ে গেলে টোলের ইজারাদার মাসুদুর রহমানের স্ত্রীর বোনকেও মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় টোলের ইজারাদার মাসুদুর রহমানের স্ত্রী মোছা. ফারহানা বেগম বাদী হয়ে শনিবার রাতে মির্জাপুর থানায় মামলা করেন। মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

তবে মামলার আসামি লাভলু ওরফে লখাই অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ট্রাকের চালক এক হাজার টাকার নোট দিলে টোলপ্লাজার কর্মীরা ৯০০ টাকা ফেরত না দিয়ে উল্টো চালক ও হেলপারকে মারধর করেন। এ সময় ট্রাকের গ্লাসও ভাঙচুর করা হয়। তাঁদের বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন।

বিজ্ঞাপন

হাটুভাঙ্গা টোলের ইজারাদার মাসুদুর রহমান বলেন, একটি কুচক্রী মহল টোল আদায় বন্ধ করতে নানা ধরনের পাঁয়তারা করছে। হামলার ঘটনাটি পরিকল্পিত বলেও দাবি করেন তিনি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

মির্জাপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাশেদ ফজল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে মামলার এক আসামি হৃদয় খান ওরফে সেকেন্দারকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD