নদীতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নদীতে নেমে তলিয়ে গেছেন সাজিদ শাহারিয়ার সানম (২৪) নামের এক পর্যটক। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নরসিংদী ও ঢাকা থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। স্থানীয় গাইড সাথে নিয়ে তারা কাপ্তাইয়ের সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড় থেকে নেমে দুপুর দেড়টার দিকে সীতার ঘাট অংশে কর্ণফুলী নদীর পাথর ঘাটা এলাকায় হাত-মুখ ধোয়ার জন্য নদীতে নামেন তারা। এসময় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সানম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিখোঁজ শিক্ষার্থীর বন্ধু সাইফুল ইসলাম জানান, "আমরা ঢাকা থেকে ৯ জন এসে সকালে সীতার পাহাড়ে উঠি। পাহাড় ভ্রমণ শেষ করে নেমে নদী থেকে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নেমেছিলাম। ঠিক তখনই মুহূর্তের মধ্যে আমাদের বন্ধু সানম পানিতে তলিয়ে যায়। আমরা নিজেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি।"
বিজ্ঞাপন
ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় কাপ্তাই থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। বর্তমানে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শনের পর স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সরোয়ার হোসেন জানান, "সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সানমকে উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।"
কাপ্তাইয়ের সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
বিজ্ঞাপন








