মাদকের টাকার জন্য ২০ মাসের শিশুকে বিক্রি করতে বের হন বাবা

মাদক কেনার টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী নিজের কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে শিশুটির মা ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশ শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের জরুরি সহায়তা চান। ফোন পেয়ে শিশুটিকে উদ্ধারে দ্রুত তৎপর হয় সদরঘাট থানা পুলিশ।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সীমার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে না পেরে তিনি তাঁদের ২০ মাস বয়সী কন্যাসন্তান ফাতেমা আক্তারকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে নিয়ে বের হন বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিষয়টি জানতে পেরে সদরঘাট থানার রাত্রিকালীন মোবাইল টহল দল (স্পেশাল-২৪) দ্রুত অভিযানে নামে। প্রায় দুই ঘণ্টা নগরের বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি চালিয়ে অবশেষে পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয় এবং মাদারবাড়ি এলাকা থেকে তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়। অভিযুক্ত বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে; সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।








