ভেড়ামারায় দুই ঘণ্টার ব্যবধানে খাল থেকে দুই মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রায় দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে ভাসমান অবস্থায় দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের রেলওয়ের খাদ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর বাহাদুরপুরের জামালপুর এলাকায় একটি খাল থেকে নিখোঁজ বুদ্ধি ও বাক্প্রতিবন্ধী কিশোর জিহাদ হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে রেলওয়ের খাদে অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১২টা ১৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ওই নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর। তাঁর উচ্চতা প্রায় পাঁচ ফুট। মরদেহের শরীরের বিভিন্ন অংশ পচে ও গলে যাওয়ায় পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছে। স্থানীয়দের ধারণা, কয়েক দিন ধরে মরদেহটি খাদে পড়ে থাকায় এমন অবস্থা হয়েছে।
স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, খাদে মরদেহটি ভাসতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। ওই নারীকে এর আগে এলাকায় কখনো দেখেছেন বলেও স্থানীয়দের কেউ জানেন না।
বিজ্ঞাপন
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, রেলওয়ের খাদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, একই দিন বেলা সাড়ে ৩টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর এলাকায় আমিরুল ইসলামের পানবরজসংলগ্ন খাল থেকে নিখোঁজ কিশোর জিহাদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জিহাদ ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর কারিগরপাড়ার বাসিন্দা হাসান আলীর ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাবার সঙ্গে নাশতা করার পর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রাতে মাইকিং করেও তাকে খোঁজা হয়।
বিজ্ঞাপন
পরিবার সূত্রে জানা যায়, জিহাদ বুদ্ধি ও বাক্প্রতিবন্ধী ছিল। তাকে সাধারণত বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। সোমবার সকালে তাঁর বাবা মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পরিবারের অগোচরে জিহাদ বাড়ি থেকে বেরিয়ে যায়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পানচাষি আমিরুল ইসলাম তাঁর পানবরজের পাশের খালে জিহাদের মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
দুই ঘটনায় পৃথকভাবে মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত ও আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।








