Logo

চার বছর পেরিয়ে গেলেও সাগর হত্যা মামলায় বিচার হয়নি

profile picture
উপজেলা প্রতিনিধি
কলমাকান্দা, নেত্রকোণা
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩
চার বছর পেরিয়ে গেলেও সাগর হত্যা মামলায় বিচার হয়নি
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রামপুর গ্রামের সাগর মিয়া হত্যার চার বছর পেরিয়ে গেলেও এখনো বিচার না পাওয়ার অভিযোগ করেছে তার পরিবার। মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন—এমন অভিযোগ তুলে দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন নিহতের বাবা শাহর আলী।

বিজ্ঞাপন

শাহর আলী বলেন, তাঁর ছেলে সাগর মিয়া হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। চার বছর আগে তাকে হত্যা করা হলেও এখনো তিনি বিচার পাননি বলে দাবি করেন। একই সঙ্গে মামলার আসামিদের বিরুদ্ধে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

নিহতের বাবার দাবি, সাগর হত্যা মামলায় জয় মিয়া, সাদিয়া আক্তার পিংকী, হিরণ মিয়া, সেলিনা আক্তার, আব্দুল রশিদ, মো. রেহেন মিয়া, আব্দুল কুদ্দুছ, মো. সুজাত মিয়া, মো. রুবেল মিয়া ও মো. রেহান মিয়াসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

শাহর আলী আরও অভিযোগ করেন, আসামি রেহান মিয়ার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময়ে চুরির অভিযোগ রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বারহাট্টা থানায় জাহাঙ্গীরপুর গ্রাম থেকে একটি গাভি চুরির ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে বলেও তিনি শুনেছেন বলে জানান। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, রেহান মিয়া বিভিন্ন সময় ফোন করে তাকে হুমকি দেন এবং ছেলের হত্যা মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তিনি সাগর হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এদিকে হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সাগর তাঁর বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। শিক্ষক হিসেবে সাগরকে ভালো ও ভদ্র শিক্ষার্থী হিসেবে জানতেন তিনি। সাগরের মৃত্যুর খবর শুনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গভীরভাবে মর্মাহত হন। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

অন্যদিকে মামলার বিবাদীরা সাগর হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, নিহতের বাবা শাহর আলী তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ২০২২ সালের ঘটনাটি সম্পর্কে তিনি কিছু জানেন না।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD