Logo

মাস্টার্স শেষের আগেই সিভিল জজ হলেন ইবি শিক্ষার্থী

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫
মাস্টার্স শেষের আগেই সিভিল জজ হলেন ইবি শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

মাস্টার্সের পড়াশোনা শেষ হওয়ার আগেই ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সাফল্য অর্জন করে সিভিল জজ হিসেবে সাময়িকভাবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ। পরীক্ষায় তিনি মেধাক্রমে ২৬তম স্থান অর্জন করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সারাদেশ থেকে ২০০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ১৯ জন শিক্ষার্থী রয়েছেন।

ইবির আইন অনুষদ থেকে মনোনীত ১৯ জনের মধ্যে আইন বিভাগের ১৪ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের চারজন এবং আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাজু আহমেদ বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে অধ্যয়নরত। মাস্টার্সের পড়াশোনার পাশাপাশি বিজেএস পরীক্ষার প্রস্তুতি নেওয়াকে নিজের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে রাজু আহমেদ বলেন, “আল্লাহ আমাকে প্রত্যাশার বেশি কিছু দিয়েছেন, আমি এতটা প্রত্যাশা করিনি যে আমার মেধাক্রম ২৬ আসবে। আল্লাহ তায়ালার কাছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুনদের জন্য উপদেশ থাকবে যে, শর্টকাট পড়াশোনা বাদ দিতে হবে, বিস্তারিতভাবে ও ভালো ভালো বইগুলো পড়তে হবে।”

বিজ্ঞাপন

প্রস্তুতির সময়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, “আমার মাস্টার্স রানিং থাকার জন্য অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি এটাকে কন্টিনিউ করে দুইটা ব্যালেন্স করে পড়াশোনা করা চ্যালেঞ্জিং ছিলো। ইবিতে ভর্তি হওয়ার পর থেকেই ইচ্ছা ছিল জজ হওয়ার। আর প্রথম থেকেই পড়াশোনা করার ইচ্ছা থাকলেও সেভাবে পারিনি। মূল পড়াশোনাটা শুরু করছিলাম থার্ড ইয়ার থেকে। কিন্তু আমি ভালো ভালো লেখকের বই থেকে পড়েছি।”

রাজুর এই অর্জনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “এটা সত্যিই অনেক আনন্দদায়ক। এই অর্জন সকলের জন্য নতুন উদ্যম, অনুপ্রেরণা ও গর্বের বিষয়। আমরা আশাবাদী যে ভাইকে অনুসরণ করে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হব।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন রাজুসহ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও বাড়লে ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও সাফল্য অর্জন করতে পারবেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তারা সমাজ ও রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, রাজুর সাফল্যে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দিত ও গর্বিত। তার অধ্যবসায় ও প্রচেষ্টা বিভাগের অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

ইসলামী আইন ও প্রচলিত আইনের সমন্বয়ে শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে ২০০৩-০৪ শিক্ষাবর্ষে আইন ও শরিয়াহ অনুষদের অধীনে আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভাগের শিক্ষার্থীরা আইনজীবী ও ফকিহ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। গত বছরও বিভাগের ৪৫ জন শিক্ষার্থী আইনজীবী হিসেবে সনদ পেয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD